প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম (ভিজিট : ৫৪)

X
ভারতে সবচেয়ে বেশি দিন আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ দল-ইন্টারনেট
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে আকাশপথের যোগাযোগ চরমভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাবে এখনও ভারত ছাড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল। তবে তাদের সেই অনিশ্চয়তার প্রহর শিগগিরই কেটে যাবে। দেশের ফিরতে এই তিন দলের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারা ইংলিশরা শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। আর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের চার্টার্ড ফ্লাইট কলকাতা থেকে ছাড়বে।
ইংল্যান্ড দলের ফ্লাইট সরাসরি লন্ডনে যাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রথমে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে জোহানেসবার্গে যাবে। সেখান থেকে তাদের পাঠানো হবে অ্যান্টিগায়। ঠিক কবে ভারত ছাড়বে, সেটা জানার অপেক্ষায় আছে এই দুই দল। ধারণা করা হচ্ছে, তাদের ফ্লাইটটি রোববার জোহানেসবার্গের উদ্দেশ্যে রওয়ানা দেবে।
টিম ম্যানেজমেন্ট, কেশাভ মহারাজ, জেসন স্মিথ এবং জর্জ লিন্ডাসহ দক্ষিণ আফ্রিকা দলের একটি অংশ রোববার নিউ জিল্যান্ডের উদ্দেশ্যে ভারত ছাড়বে। আগামী ১৫ মার্চ সেখানে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের সিরিজ শুরু হবে।
চলমান টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর থেকে কলকাতায় আটকে আছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। গত বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমি-ফাইনালে হেরে যায় প্রোটিয়ারা।দেশে ফেরার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। গত রোববার ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল তারা।
ভারতকে আটকে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বেশ কয়েকটি পোস্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। শনিবার আরেকটি পোস্টে তিনি স্রেফ লেখেন, “ছয় দিন।” কলকাতায় কতদিন আটকে আছেন তারা, এই পোস্ট দিয়ে সেটাই বুঝিয়েছেন তিনি।
সুপার এইট থেকে বিদায় নেওয়া জিম্বাবুয়েকেও কয়েকদিন ভারতে থাকতে হয়েছিল। পরে গত বুধবার ভারত ছাড়তে পারে আফ্রিকার দলটি।
বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে ভারত-নিউ জিল্যান্ড। আহমেদাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।