প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:২০ এএম (ভিজিট : ১০৪)

X
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, হাই কমিশনের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ উঠছিল। বিশেষ করে কমিউনিটির মধ্যে বিভাজন তৈরি এবং মিশনের কার্যক্রমে দলীয় প্রভাবের অভিযোগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
হুমায়ুন কবির বলেন, হাই কমিশনার লন্ডনে এতদিন আচরণ ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটিকে বিভক্ত করে রেখেছেন। হাই কমিশনকে দলীয় প্রভাবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। বাংলাদেশের স্বার্থের চেয়ে অন্য বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এই প্রথম কোনো বিদেশি মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তন আনা হলো।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের জানুয়ারিতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়।
১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেক্সিকোতে যাওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
এ ছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।