প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ৭৫)

X
তাঁত মেলার উদ্বোধন
বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী তাঁত পণ্যের প্রদর্শনী ও মেলা। মেলা ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
রবিবার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল ফাউন্ডেশনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাংলাদেশের তাঁতশিল্পের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এই শিল্পের সঙ্গে প্রায় ১৫ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষির পরই তাঁতশিল্পের অবস্থান। দেশে হস্তচালিত তাঁত ও পাওয়ার তাঁতে উৎপাদিত বস্ত্র দেশের মোট চাহিদার প্রায় ৪৫ শতাংশ পূরণ করে। বৈদেশিক রপ্তানিতেও তাঁত খাতের অবদান প্রায় ২ দশমিক ৬ শতাংশ এবং জিডিপিতেও গুরুত্বপূর্ণ অবদান আছে।
তিনি আরো বলেন, ১৪টি তাঁতপণ্য ইতিমধ্যে জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য তাঁতপণ্যের জিআই নিবন্ধনের উদ্যোগও নেওয়া হবে।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ তাঁত বোর্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁতশিল্পের উন্নয়ন এবং তাঁতিদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি সভাপতির বক্তব্যে বস্ত্রখাতের সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে বলেন। তিনি আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী রুচির সাথে সামঞ্জস্য রেখে এর পণ্যগুলো বিকশিত করার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ তাঁতবোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী'র পক্ষে তাঁতবোর্ডের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান।
বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম উদ্বোধন অনুষ্ঠান শেষে মেলার সবগুলো স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন দেন।
এসময় বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমিসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ তাঁতবোর্ডের সদস্য দেবাশীষ নাগ,প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র সাহাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আগত দর্শনার্থীবৃন্দ এবং তাঁতি প্রতিনিধি উপস্থিত ছিলেন।