প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম (ভিজিট : ৩২১)

X
ফাইল ছবি
যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে। সোমবার ব্যারেলপ্রতি তেলের দাম দাঁড়িয়েছে ১০৭ ডলার।
মধ্যপ্রাচ্য সংঘাতের পরিপ্রেক্ষিতে ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। বর্তমানে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১০৭ ডলার।
সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, ব্রেন্ট ক্রুড বর্তমানে ১০৭.২০ ডলারে লেনদেন হচ্ছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রভাবে প্রথমে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলারে পৌঁছেছিল, পরে কিছুটা কমে। অন্যদিকে মার্কিন ডব্লিউটিআই ক্রুড লেনদেন হচ্ছে ১০৩.১৮ ডলারে।
তেলের দাম বাড়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে শান্তি আনার জন্য এটি ‘খুবই সামান্য’ একটি মূল্য। এর আগে সবশেষ ২০২২ সালের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলমান থাকায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন আরও দীর্ঘ সময় ধরে বন্ধ থাকলে পেট্রলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এই নৌপথ দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।