প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম (ভিজিট : ৪৭)

X
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সঞ্জু স্যামসন জানিয়েছেন, কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের সঙ্গে নিয়মিত আলোচনা তার পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে। গত দুই মাস ধরে শচীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বলেও জানান তিনি।
বিশ্বকাপের শেষ পর্বে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য টুর্নামেন্টসেরা হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে তার ব্যাটিং ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলেন স্যামসন। সেই ম্যাচে ৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।
ম্যাচ শেষে স্যামসন বলেন, ‘গত দুই মাস ধরে আমি শচীন স্যারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। আমি নিজেই তার সঙ্গে যোগাযোগ করি এবং দীর্ঘ আলোচনা করেছি। তার মতো একজন কিংবদন্তির কাছ থেকে পরামর্শ পাওয়া সত্যিই বিশেষ কিছু।’
বিশ্বকাপ জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত স্যামসন বলেন, ‘এটা যেন স্বপ্নের মতো লাগছে। আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি নেই।
বিশ্বকাপের আগে নিজের কঠিন সময়ের কথাও স্মরণ করেন তিনি। স্যামসন জানান, ২০২৪ সালের বিশ্বকাপ দলে থাকলেও খেলতে না পারার হতাশা তাকে নতুন করে অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, ‘সত্যি বলতে এটা এক-দুই বছর আগেই শুরু হয়েছিল। ২০২৪ বিশ্বকাপে দলে থাকলেও খেলতে পারিনি। তখন থেকেই নিজেকে প্রস্তুত করছিলাম এবং ঠিক এমন কিছুই করার স্বপ্ন দেখতাম।
নিউজিল্যান্ড সিরিজের পর আমি ভেঙে পড়েছিলাম, মনে হয়েছিল স্বপ্নগুলো শেষ হয়ে গেছে।’ তবে সেই কঠিন সময়ই তাকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন স্যামসন। তার ভাষায়, ‘ঈশ্বরের পরিকল্পনা হয়তো অন্যরকম ছিল। স্বপ্ন দেখার সাহস দেখিয়েছিলাম বলেই হয়তো আজ এই পুরস্কার পেয়েছি। অনেক সাবেক ক্রিকেটারও আমাকে সাহায্য করেছেন।’
ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে আপাতত এই সাফল্য উপভোগ করতে চান বলে জানান তিনি। স্যামসন বলেন, ‘এই অর্জনটাই আমার জন্য অনেক বড়। এখন কিছুদিন এটা উপভোগ করতে চাই। এরপর ভাবব সামনে কী করা যায়।’