
X
প্রতীকী ছবি
ভারতের সফল অভিযানের মধ্যে দিয়ে শেষ হলো টি২০ বিশ্বকাপ। কুড়ি কুড়ির আসরে বেশ ধারাবাহিক পারফরম্যান্স করেছে চ্যাম্পিয়ন দলের প্রতিটি সদস্য। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন সেক্টরে সমানভাবে কৃতিত্ব দেখিয়েছে ম্যান ইন ব্লুজরা। ফলস্বরূপ সোনালি ট্রফিতে চুঁমু এবং আইসিসির টুর্নামেন্টসেরা একাদশে সর্বোচ্চ ক্রিকেটারের আধিক্য।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপের সেরা একাদশ বাছাই করেছে। যেখানে ভারতের সর্বোচ্চ চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছে। অনুমিতভাবে এ তালিকায় রয়েছেন সঞ্জু স্যামসন। ভারতের এই উইকেটকিপার ব্যাটার ছাড়াও তালিকায় রয়েছেন ইশান কিশান, হার্দিক পাণ্ডিয়া ও জসপ্রিত বুমরাহ।
সঞ্জ মাত্র পাঁচ ইনিংসে ৩২১ রান করেছেন। টুর্নামেন্টের শুরুতে ভারতের একাদশে সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। আর শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৮৯ রানের দায়িত্বশীল ইনিংস।
টুর্নামেন্টে কিশান ৩১৭ রান করেছেন। ওপেনিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৭৭ রান করেন এবং পরে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। আর পাণ্ডিয়া দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন টুর্নামেন্টজুড়ে। ব্যাট ও বোলিং—উভয় বিভাগে অবদান রেখেছেন সমানভাবে। দুটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি ৯টি উইকেট নিয়েছেন পাণ্ডিয়া।
জসপ্রিত বুমরাহ ফাইনালে ম্যাচসেরা হয়েছেন। টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শীর্ষ উইকেটটেকারদের মধ্যে রয়েছেন। ফাইনালে তাঁর বোলিং ফিগার ৪/১৫ এবং টুর্নামেন্টে ইকোনমি রেট ৬.২১।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান। টুর্নামেন্টে দুই সেঞ্চুরিতে মোট ৩৮৩ রান করেছেন পাকিস্তানের এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার দুইজন খেলোয়াড়—এইডেন মার্করাম ও লুঙ্গি এনগিদি রয়েছেন একাদশে। প্রোটিয়া দলপতি মার্করাম রান করেছেন ২৮৬ এবং এনগিদি উইকেট নিয়েছেন ১২টি।
ইংল্যান্ডের উইল জ্যাকস জায়গা পেয়েছেন একাদশে। আদিল রশিদও আছেন তালিকায়। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ব্লেসিং মুজারাবানি জায়গা পেয়েছেন টুর্নামেন্টসেরা একাদশে।
১২তম খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক। যিনি আসরে ১৩ উইকেট নিয়েছেন।
টি২০ বিশ্বকাপের সেরা একাদশ :সহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিদি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি। ১২তম খেলোয়াড়: শাডলি ভ্যান শ্যালকওয়াইক