প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ৩৩)

X
মেহেদী হাসান মিরাজ
প্রত্যাশার প্রতিফলন পড়ছে না পারফরম্যান্নে, অনুভব করতে পারছেন মেহেদি হাসান মিরাজ। নিজেই বললেন, সাম্প্রতিক পারফরম্যান্স তার সাদামাটা। তবে এটা নিয়ে দুর্ভাবনা নেই বলেও দাবি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। দ্রুতই জেতানো পারফরম্যান্স মেলে ধরতে আশাবাদী তিনি।
অধিনায়ক হিসেবে মিরাজের সার্বিক পারফরম্যান্স সাদা চোখে খুব খারাপ নয়। শুরুটাও বেশ ভালো করেছিলন তিনি। নেতৃত্বের প্রথম চার ইনিংসে ফিফটি করেছিলেন তিনটি। তবে সেই ধারা তিনি ধরে রাখতে পারেননি পরে। গত বছর ১১ ওয়ানডে খেলে তার ফিফটি স্রেফ একটি। ব্যাটিং গড় ছিল ১৯.১০, স্ট্রাইক রেট ৭১.৮০। বোলিংয়ের অবস্থাও তথৈবচ। ১১ ম্যাচে ১১ উইকেট নিতে পেরেছেন ৪১.০৯ গড়ে।
অধিনায়ক না থাকলে এমন পারফরম্যান্সের পর হয়তো দলেই জায়গা হারাতো হতো তাকে। অধিনাক বলেই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিতই। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও সেই প্রশ্ন তাকে শুনতে হলো।
মিরাজ হাসিমুখে বললেন দ্রুতই চেষ্টা করবেন নিজেকে মেলে ধরতে। “আমি চিন্তিত নই। কারণ দেখুন, সবশেষ যে সিরিজগুলো আমরা খেলেছি, গত বিশ্বকাপের পরে আমরা কতগুলো ওয়ানডে খেলেছিৃ প্রায় ১৫টির মতো ওয়ানডে খেলেছি হয়তো, সেগুলো অনেক বিরতি দিয়ে খেলেছি।” “আমার মনে হয়, আমার কাছে সবার প্রত্যাশা যেমন যে আমি অনেক ম্যাচ জেতাব, মানুষের প্রত্যাশা যেটা, হয়তো সেটা হচ্ছে না, গড়পড়তা হচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করব দলকে ম্যাচ জেতাতে।”
প্রশ্নের শেষ নয় সেখানেই। অধিনায়কের ফর্ম যখন ভালো থাকে না, নেতৃত্ব দেওয়াও হয়ে ওঠে চ্যালেঞ্জিং। দলকে উজ্জীবিত করার কাজটা হয়ে পড়ে কঠিন। সেই আঁচ মিরাজ অনুভব করছেন কি না, জানতে চাওয়া হলো তার কাছে। তিনি আবার বললেন, চেষ্টা করবেন সামনে থেকে দলকে এগিয়ে নিতে।
“আমি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি। সবসময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। অবশ্যই প্রথম অগ্রাধিকার দলের ভালো ফলাফল। দিনশেষে আমার পারফরম্যান্সও খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যে পজিশনে ব্যাটিং করি এবং যেভাবে যেখানে বোলিং করি, দলের জন্য অনেক কাজে লাগে। ওখানে আমার পারফর্ম করাটা খুবই জরুরি। অবশ্যই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব পারফর্ম করার জন্য এবং দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য।”