প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৪২ এএম (ভিজিট : ২২৫)

X
রিকশাচালক নূর মোহাম্মদ। ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের শহিদ কিশোর গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ এবার আমন্ত্রণ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ বলেন, সংসদের অধিবেশনে যোগ দেয়ার আমন্ত্রণ পাওয়া তার জীবনের বড় অর্জন। আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে যান। তবে তিনি পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে, তা জানতে পারেননি। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।
২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল তিনি। পরিবার নিয়ে মহাখালী এলাকায় বসবাস করত তারা।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ২৪ সালের ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটে গুলিবিদ্ধ হয় নাফিজ। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে একটি রিকশার পাদানিতে তুলে দেয়। তখনও নাফিজ রিকশার রড শক্ত করে ধরে ছিল।
রিকশাচালক নূর মোহাম্মদ তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ফার্মগেটের একটি হাসপাতালে ঢুকতে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন বলে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিককে জানান। পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে রওনা হন।
দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ তখন রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কয়েকটি ছবি ধারণ করেন। ৪ আগস্ট দিবাগত রাতে পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখেই নাফিজের পরিবার সন্তানের খোঁজ পায়।
পরে নূর মোহাম্মদ জানান, সেদিন তিনি ফার্মগেট এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান। এক পুলিশ সদস্য তাকে ডাকলে অন্যরা পুলিশরা আহত একজনকে তার রিকশায় তুলে দেন। হাসপাতালে নিতে গিয়ে বাধার মুখে পড়ার পর খামারবাড়ি এলাকায় গেলে কয়েকজন নাফিজকে দ্রুত একটি অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের রিকশাটি হস্তান্তর করা হয়। এক ব্যবসায়ী ৩৫ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে রিকশাটি কিনেছিলেন তখন।