ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। মনোনীত প্রার্থী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলেও জানান সভাপতি।
পরে স্পিকার পদে তাকে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম এবং প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
একই অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। মনোনীত প্রার্থী ছিলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনিও এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলে জানান তিনি।
পরে ডেপুটি স্পিকার পদে তাকে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার এবং প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। প্রস্তাবটি সংসদে পেশ করা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।