প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম (ভিজিট : ৩৪)

X
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেভন সার্লেস-ফাইল ছবি
ক্রিকেটে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে বিম১০ টুর্নামেন্ট সংশ্লিষ্ট তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আইসিসি। অভিযুক্তরা হলেন দুই টিম অফিসিয়াল চিত্রঞ্জন রাঠোড় ও ট্রেভন গ্রিফিথ এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেভন সার্লেস। অভিযোগের পর তাদের সবাইকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ মৌসুমের বিম১০ টুর্নামেন্ট ঘিরে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে। টুর্নামেন্টটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অ্যান্টি-করাপশন কোডের আওতায় পড়ে।
টাইটান্স দলের মালিক রাঠোড়ের বিরুদ্ধে সিডব্লিউআই কোডের তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ২০১৮ সালের আইপিএল খেলা ক্রিকেটার সার্লেসের বিরুদ্ধে চারটি ও গ্রিফিথের বিরুদ্ধে সিডব্লিউআই কোডের চারটি ধারার পাশাপাশি আইসিসি অ্যান্টি-করাপশন কোডের একটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
তিনজনের বিরুদ্ধে মূল অভিযোগ, বিম১০ টুর্নামেন্টের ম্যাচের ফলাফল, অগ্রগতি, ম্যাচের অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা তাতে জড়িত থাকা। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কাজে উৎসাহিত করা ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে।
সার্লেস ও গ্রিফিথের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের বিষয়টি সিডব্লিউআইকে না জানানোর। গ্রিফিথের বিরুদ্ধে অতিরিক্ত একটি অভিযোগ হলো, তদন্তের কাজে বাধা দেওয়া। যার মধ্যে প্রাসঙ্গিক তথ্য গোপন বা নষ্ট করার অভিযোগও রয়েছে।
অভিযোগ গঠনের পর তিনজনকেই অবিলম্বে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১১ মার্চ ২০২৬ থেকে তাদের হাতে অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় রয়েছে।
আর এই ঘটনা বৃহত্তর এক তদন্তের অংশ। এর আগে গত ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্সের বিরুদ্ধেও সিডব্লিউআই ও আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের পাঁচটি অভিযোগ আনা হয়েছিল।
তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে আইসিসি।