প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩০ পিএম (ভিজিট : ৬৬)

X
দুদকের মামলা
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে প্রায় ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ৪ জন পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে রেশন সামগ্রী উত্তোলনের মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করা হয়।
দুদক জানায়, অভিযুক্তরা সরকারি দায়িত্বে থেকে জালিয়াতির মাধ্যমে প্রতারণাপূর্ণভাবে রেশন সামগ্রী তুলে অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, অভিযুক্তরা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।