প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম (ভিজিট : ৩২৯)

X
নতুন প্রশাসক নিয়োগ
দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন ও ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগকৃত এই প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী স্ব-স্ব সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।