
X
নিউজিল্যান্ড সফরের শুরুতে সহজেই বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা-ইন্টারনেট
বিশ্বকাপের নকআউট পর্বে যাদের সামনে দাঁড়াতে পারেনি, সেই নিউজিল্যান্ডকে এবার তাদেরই মাঠে গুঁড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ স্কোয়াডের বেশ কয়েকজনকে বাইরে রেখে, অনেকটা নতুন চেহারার দল নিয়ে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে স্বাগতিকরা। পরে ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে সহজেই ছোট লক্ষ্য পেরিয়ে যায় প্রোটিয়ারা।
মাউন্ট মঙ্গানুইয়ে রোববার টি২০ সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের জয় ৭ উইকেটে। প্রতিপক্ষকে ৯১ রানে আটকে ২০ বল বাকি থাকতে লক্ষ্য স্পর্শ করে তারা। দক্ষিণ আফ্রিকার এই অনায়াস জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান দুই অভিষিক্ত বোলার নোবানি মোকোয়েনা ও ব্যাটসম্যান কনর এস্তারহুইজেনের।
১৯ বছর বয়মি পেসার মোকোয়েনা প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে তিনটি উইকেট নেন। ম্যাচ সেরাও হন তিনি। আর রান তাড়ায় অগ্রনী ভূমিকা রেখে ৪৫ রান করেন এস্তারহুইজেন। কয়েকদিন আগে শেষ হওয়া টি২০ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। সেদিন প্রথমে ব্যাট করে তাদের গড়া ১৬৯ রানের সংগ্রহ ১২.১ ওভারেই পেরিয়ে যায় কিউইরা। দুর্দান্ত ওই জয়ে রেকর্ড জুটিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সেঞ্চুরি হাঁকানো ফ্লিন অ্যালেন ও হাফ-সেঞ্চুরি করা টিম সাইফার্ট।
আর ওই দুজনসহ আরও অনেককে বাইরে রেখে এই সিরিজের জন্য দল সাজায় নিউ জিল্যান্ড। একগাদা পরিবর্তন আনে প্রোটিয়ারাও; কনওয়ে-ল্যাথামরা পারলেন না সুযোগ কাজে লাগাতে, পারল কেশাভ মহারাজের দল। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পথ হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। প্রথম ওভারে উইকেট পতন দিয়ে শুরু, পাওয়ার প্লের মধ্যে ৩৬ রানে তারা হারায় পাঁচ ব্যাটসম্যানকে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যা প্রয়োজন ছিল, কেউই তা করতে পারেননি।
সবার আসা-যাওয়ার মধ্যে ইনিংসের সর্বোচ্চ ২৬ রান আসে জিমি নিশামের ব্যাট থেকে। ত্রয়োদশ ওভারের প্রথম বলে তার বিদায়ের পর, আর ১১ রানের মধ্যে বাকি তিন উইকেট হারিয়ে, ১৪.৩ ওভারে গুটিয়ে যায় দলটির ইনিংস। নিশাম ও জ্যাক ফোকসকে আউট করার পর, কোল ম্যাকনকি ফিরিয়ে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেন ম্যাচ সেরা নোবানি মোকোয়েনা।
রান তাড়ায় দ্বিতীয় ওভারে টনি ডি জর্জি ও পঞ্চম ওভারে রুবিন হার্মানকে হারালেও, জয় নিয়ে ভাবতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ৪৮ বলে দুটি করে চার-ছক্কায় ৪৫ রান করে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন এস্তারহুইজেন। মঙ্গান্ইুয়ের এই জয় কোনোভাবেই বিশ্বকাপের সেই পরাজয়ের প্রতিশোধ হতে পারে না, তবে অন্তত সেই হতাশার ওপর একটা প্রলেপ দিতে পারল দক্ষিণ আফ্রিকা।
পাঁচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী মঙ্গলবার, হ্যামিল্টনে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৪.৩ ওভারে ৯১ (কনওয়ে ১, ল্যাথাম ৭, রবিনসন ৬, কেলি ২, জ্যাকবস ১০, স্যান্টনার ১৫, নিশাম ২৬, ম্যাকনকি ১৫, ফোকস ১, জেমিসন ২, সিয়ার্স ০*; কুটসিয়া ২/১৪, মোকায়েনা ৩/২৬, বার্টম্যান ২/২২, মহারাজ ২/২৫, ফরেস্টার ০/৪)
দক্ষিণ আফ্রিকা: ১৬.৪ ওভারে ৯৩/৩ (ডি জর্জি ২, এস্তারহুইজেন ৪৫*, হার্মান ৭, স্মিথ ১০, ফরেস্টার ১৬*; জেমিসন ১/২৮, ফোকস ১/৮, সিয়ার্স ০/১৬, স্যান্টনার ১/৮, ম্যাকনকি ০/২৪)
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নোবানি মোকোয়েনা
সিরিজ: দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এ এগিয়ে