প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম (ভিজিট : ৩৮)

X
পেপ গার্দিওয়ালা
হয়তো দলকে তাতিয়ে দিতেই ম্যাচের আগে পেপ গার্দিওয়ালা বলেছিলেন ‘পয়েন্ট হারালেই সব শেষ’, যদিও তার ওই কঠোর বার্তায়ও কাজ হয়নি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। তাই বলে সত্যি সত্যি তো আর শিরোপার আশা ছেড়ে দেওয়া যায় না। প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় হাতছাড়া করার পর তাই এই স্প্যানিশ কোচ বললেন, এখনও লড়াই শেষ হয়ে যায়নি।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে শনিবার বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়ার পরপরই গোল হজম করে সিটি। অসংখ্য সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে। লিগে আগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ২-২ ড্র করেছিল গার্দিওয়ারার দল।
এদিন সিটির মাঠে নামার আগে এভারটনকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান থেকে ১০ পয়েন্ট এগিয়ে যায় আর্সেনাল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাত্র একটি পয়েন্ট পাওয়ায় সেই ব্যবধান এখন ৯। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দ্বিতীয় স্থানে সিটির পয়েন্ট ৬১, তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। এছাড়া আগামী মাসে দল দুটি মুখোমুখি লড়াইয়ে নামবে, এবং সেই ম্যাচও হবে সিটির মাঠে।
আর তাই এখনও শিরোপা দৌড়ে নিজেদের যথেষ্ট সম্ভাবনা দেখছেন গার্দিওয়ালা,‘ (শিরোপা লড়াই) এখনও শেষ হয়ে যায়নি। আমরা হারিনি, এখনও শেষ হয়নি। আমি লড়াই চালিয়ে যাব। আমাদের জন্য অবশ্য লড়াইটা এখন খুব কঠিন; তবে আমাদের হাতে একটা ম্যাচ (বেশি) আছে এবং আর্সেনালের বিপক্ষে ম্যাচটা আমাদের মাঠে। আমি বলছি না যে, (ঘরের মাঠে হওয়ায়) তাদের হারানো সহজ হবে, তবে আশা তো থাকেই। সবসময় আত্মবিশ্বাসী থাকতে হয়।”
পয়েন্টে ব্যবধানটা বেশ বড়, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করতে চান গার্দিওয়ালা.‘ আর্সেনালের বিপক্ষে ৯ পয়েন্টের ব্যবধান অনেক; কিন্তু আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। যখন এটা সম্ভব হবে না, তখন আমরা চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাব, কিন্তু এর আগ পর্যন্ত আমাদের চেষ্টা করতে হবে।”