পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার পাইকগাছা পৌরসভায় অসহায়, গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ৮টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় মানুষের হাতে ভিজিএফের চাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান।
পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২৫ জন হতদরিদ্র কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় প্রশাসকের কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. এনামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এস এম এমদাদুল হকসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।