এবার নিউজিল্যান্ডের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে গোটা দেশ এখন অপেক্ষা করছে ঈদুল ফিতরের। তবে ঈদের আগেই খুশির বড় উপলক্ষ এনে

2026-03-16T16:30:05+00:00
2026-03-16T16:30:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার নিউজিল্যান্ডের অপেক্ষায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৫১)
সিরিজের ট্রফিসহ বাংলাদেশের উল্লাস।
X

সিরিজের ট্রফিসহ বাংলাদেশের উল্লাস।

আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে গোটা দেশ এখন অপেক্ষা করছে ঈদুল ফিতরের। তবে ঈদের আগেই খুশির বড় উপলক্ষ এনে দিয়েছে ক্রিকেট দল। পাকিস্তানকে সিরিজ হারানোর ভালো লাগা সঙ্গী হবে ঈদ উৎসবে। তবে এই উল্লাসে বেশি দিন বুঁদ থাকার উপায় নেই ক্রিকেটারদের। আগামী মাসেই আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ।

তিন সপ্তাহের সফরে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। শুধুই সীমিত ওভারের সিরিজের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে কিউইরা। বলার অপেক্ষা রাখে না, ওয়ানডে সিরিজটিই বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি ও রেটিং পয়েন্ট বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর কিছু বেড়েছিল রেটিং পয়েন্ট। এবার র‌্যাঙ্কিংয়ের চার নম্বর দল পাকিস্তানের বিপক্ষে জিতে রেটিং পয়েন্ট বেড়েছে ৩। ক্যারিবিয়ানদের টপকে র‌্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল।

নিউজিল্যান্ডকে হারাতে পারলে পুরস্কার মিলবে আরও বেশি। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে কিউইদের অবস্থান যে এখন দ্বিতীয়। বাংলাদেশের জন্য আরও সম্ভাবনার হাতছানি থাকবে আইপিএলের কারণেও। নিউ জিল্যান্ডের শীর্ষ ক্রিকেটারদের অনেকেই তখন ব্যস্ত থাকবেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে। অধিনায়ক মিচেল স্যান্টনার থেকে শুরু করে রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি, লকি ফার্গুসনরা ব্যস্ত থাকবেন আইপিএলে। তারা বাংলাদেশ সফরে আসবেন না প্রায় নিশ্চিতভাবেই।

একই সঙ্গে ওই সময়ে চলবে পাকিস্তান সুপার লিগও। সেখানে ব্যস্ত থাকবেন মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল। তাদেরও বাংলাদেশে আসার সম্ভাবনা সামান্যই। কাজেই বাংলাদেশের সামনে র‌্যাঙ্কিংয়ে অবস্থান মজবুত করার দারুণ সুযোগ থাকবে তখন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগেই মিরাজ বলেছিলেন, সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া ভাবনাতেই তারা পরিকল্পনা সাজাচ্ছেন। 

সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক আবারও বললেন,‘ আমাদের লক্ষ্য রাখতে হবে, পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মাথায় রাখতে হবে যে, ২০২৭ বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করতে হবে। এজন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক জরুরি। আমরা ওভাবেই চিন্তা করব যে, কীভাবে আমরা সিরিজ জিততে পারি, ম্যাচ জিততে পারি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এরপর টি২০ সিরিজের ম্যাচগুলি ২৭, ২৯ এপ্রিল ও ২ মে।সিরিজের তারিখ ঘোষণা করা হলেও ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে জানা গেছে, ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে, টি২০ চট্টগ্রামে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy