প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:২২ এএম (ভিজিট : ৪৫)

X
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদযাত্রার পঞ্চম দিনে মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় চোখে পড়ার মতো।
ভোর থেকে বেশিরভাগ ট্রেন ছেড়েছে সূচি মেনেই। যাত্রীদের নেই তেমন কোনো অভিযোগ। টিকিটবিহীন কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না মূল প্ল্যাটফর্মে।
স্টেশনে ঢুকতে দুই দফা টিকিট দেখাতে হচ্ছে যাত্রীদের। তুলনামূলক কম হলেও টিকিটের যাত্রীর বাইরে কিছুটা বাড়তি যাত্রীর চাপ রয়েছে, যারা অনায়াশেই স্ট্যান্ডিং টিকেট কিনতে পারছেন।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রেলওয়ের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, এবার শেষ পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকবে বলেই তারা আশা করছেন।
ট্রেন ছাড়ার আগে স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট সংগ্রহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবার।
এদিকে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ। আজ পাওয়া যাচ্ছে ২৭ মার্চের টিকিট।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে এবার। সরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে।