প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:১২ পিএম (ভিজিট : ১০০২)

X
শ্রীলংকার তেল সংকট
তেল সংকটের প্রেক্ষাপটে জরুরি পদক্ষেপ হিসেবে চার দিনের কর্মসপ্তাহ চালু করেছে শ্রীলংকা সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সংস্থাগুলোর জন্য প্রতি সপ্তাহে এক দিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে অনেক ক্ষেত্রেই কার্যত কর্মসপ্তাহ চার দিনে সীমাবদ্ধ হচ্ছে। ১৮ মার্চ থেকে বুধবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর আগে থেকে দেশটিতে শনি ও রোববার সাপ্তাহিক ছুটি। এবার কার্যকর হলো তিন দিন ছুটির নির্দেশনা।
প্রেসিডেন্ট অনুরা কুমার ডিসানায়েকে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বলেন, আমরা সর্বনাশের জন্য প্রস্তুত থাকব, তবে সেরা ফলাফলের আশা রাখব।
নতুন চার দিনের কর্মসপ্তাহটি শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রযোজ্য হবে, যার মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। তবে স্বাস্থ্যসেবা, বন্দর, জরুরি সেবা ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্বাভাবিকভাবে চালু থাকবে।
সরকার বুধবারকে অতিরিক্ত ছুটির দিন হিসেবে বেছে নিয়েছে যাতে সরকারি অফিস তিন দিন ধারাবাহিক বন্ধ না থাকে। পাশাপাশি চালক ও গাড়ি মালিকদের জন্য ন্যাশনাল ফুয়েল পাস সিস্টেম চালু করা হয়েছে, যা অনুযায়ী তারা নিবন্ধন করে সীমিত পরিমাণ জ্বালানি কিনতে পারবেন।
সরকার সব প্রতিষ্ঠানকে সম্ভব হলে রিমোট ওয়ার্ক অনুশীলন করার আহ্বান জানিয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ সেবা বিভাগের কমিশনার জেনারেল প্রভাত চন্দ্রকীর্তি জানান, আমরা চাই বেসরকারি খাতও আমাদের সঙ্গে তাল মিলিয়ে প্রতি বুধবারকে ছুটি ঘোষণা করুক।