প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম (ভিজিট : ১৮৫)

X
আল-আকসা মসজিদ
ঈদুল ফিতর এবং তার পরবর্তী সময়েও আল-আকসা মসজিদ (বায়তুল মুকাদ্দাস) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। মসজিদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইসলামিক ওয়াকফকে সম্প্রতি ইসরাইলি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত চলাকালীন ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ চলতি মাসের শুরুতে ‘নিরাপত্তা পরিস্থিতি’র অজুহাতে বন্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। বিশেষ করে রমজান মাসে এই নজিরবিহীন বন্ধের ঘটনায় ফিলিস্তিনিরা তীব্রভাবে নিন্দা জানিয়েছে। তাদের মতে, নিরাপত্তা উত্তেজনাকে কাজে লাগিয়ে আল-আকসায় আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল।
১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম রমজানে ফিলিস্তিনিরা আল-আকসায় জুমার নামাজ আদায় করতে পারেনি।
গত সপ্তাহে আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই ‘অযৌক্তিক’ বন্ধের নিন্দা জানিয়ে বলেছে, ইসরাইলের এই পবিত্র স্থানের ওপর কোনো সার্বভৌমত্ব নেই এবং অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তবুও এখন পর্যন্ত মসজিদটি বন্ধই রয়েছে। জুমা ও তারাবির নামাজ বন্ধ রয়েছে এবং ফিলিস্তিনিদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। পুরনো শহর এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।
মসজিদ বন্ধ হওয়ার পর থেকে প্রতিটি শিফটে সর্বোচ্চ ২৫ জন ওয়াকফ কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
একটি সূত্র জানায়, পাণ্ডুলিপি বিভাগের একজন অতিরিক্ত কর্মী প্রবেশের আবেদনও ইসরাইলি কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে।
পুলিশ জানিয়েছে, যদি অতিরিক্ত কোনো কর্মীকে ঢুকতে দেওয়া হয়, তাহলে ইসরাইলি বসতি স্থাপনকারীদের আবার মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আল-আকসা মসজিদের নামাজের হলগুলোতে, এমনকি ডোম অব দ্য রক-এর ভেতরেও নজরদারির জন্য ক্যামেরা বসানো হয়েছে বলে ওয়াকফ কর্মকর্তারা সন্দেহ করছেন।