প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:০৬ পিএম (ভিজিট : ৪১)

X
সামাজিক মাধ্যমে শরিফুলকে এভাবেই স্বাগত জানিয়েছে পেশাওয়ার-ইন্টারনেট
দুই মাস আগে নিলামে দল না পেয়ে হতাশ হলেও শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ঠিকানা খুঁজে পেলেন শরিফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসার এবারের আসরে খেলবেন পেশাওয়ার জালমিতে। এই দলে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন জাতীয় দলে পেস আক্রমণের সঙ্গী নাহিদ রানাকে।
এবারই প্রথম পিএসএলে পা পড়তে যাচ্ছে শরিফুলের। দেশের বাইরের লিগে আগে তিনি খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। সোমবার রাতে সামাজিক মাধ্যমে শরিফুলকে দলে স্বাগত জানায় পেশাওয়ার জালমি।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি শরিফুল। এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন ২৪ বছর বয়সী পেসার। ১০.০৭ গড়ে ওভারপ্রতি মাত্র ৫.৮৪ রান দিয়ে ২৬ উইকেট শিকার করেন তিনি, যা বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। আর সব মিলিয়ে ১৫৬ টি২০ তার শিকার ১৯৫ উইকেট।
লংকা প্রিমিয়ার লিগে ২০২৩ আসরে ১টি ও ২০২৪ আসরে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। এবারের পিএসএলে আগেই দল পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরাসরি চুক্তিতে বাঁহাতি এই পেসারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার। ফলে আসন্ন আসর দিয়েই পিএসএলে অভিষেক হতে যাচ্ছে শরিফুলের।
দলটির এক্স পোস্টে বলা হয়, ‘তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রস্তুত পাকিস্তান সুপার লিগে হলুদ ঝড় তুলতে।’
২৪ বছর বয়সি শরিফুল বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই নিয়মিত মুখ। সম্প্রতি তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং জানুয়ারির শেষ দিকে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের হয়ে ২৬টি উইকেট নিয়েছেন। যা এক মৌসুমে টুর্নামেন্টের সর্বোচ্চ। তার ইকোনমি রেট ছিল ৫.৮৪।
অথচ এত ভালো পারফরম্যান্সের পরও গত মাসে অনুষ্ঠিত পিএসএলের প্রথম নিলামে তাকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে দল পেয়েছেন- নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন ও রিশাদ হোসেন। এছাড়া মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। তাকে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে।
নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। নিলামে এই দলই ৬০ লাখ রুপিতে নেয় ব্যাটসম্যান পারভেজকে। পেশাওয়ার ৬০ লাখ রুপিতেই নিয়েছে নাহিদকে। নতুন দল রাওয়ালপিন্ডি ৩ কোটি রুপিতে দলে নেয় রিশাদ হোসেনকে।