প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:৪৩ পিএম আপডেট: ১৮.০৩.২০২৬ ২:৫০ পিএম (ভিজিট : ১১১)

X
ফরিদপুরের ভাঙ্গায় ঈদ যাত্রার ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ফরিদপুরের ভাঙ্গায় ঈদ যাত্রার ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা থেকে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি ভাঙ্গায় অবস্থানকালে দেখা যায় ট্রেনের প্রতিটি বগিতে কোনো আসন খালি নেই। অনেকেই আসন না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। কেউ কেউ ট্রেনের ছাদে অবস্থান করছেন।
একজন আরেকজনকে হাত ধরে টেনে তুলছেন ছাদে। ভাঙ্গা থেকে যারা উঠেছেন তারা অনেকে আসন না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। অনেকে আবার ট্রেনের সামনের ইঞ্জিনের দুই পাশের রেলিং এ বসে কিংবা দাঁড়িয়ে গন্তব্যে ছুটছেন। ঢাকা থেকে ছেড়ে আসা নকশি কাঁথা কমিউটার ট্রেনটি ভাঙ্গায় পৌঁছায় ৩০ মিনিট বিলম্বে।
এই ট্রেনটির গন্তব্য খুলনা। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রেনের ভাড়া বাড়েনি। ইঞ্জিন কভারের রেলিংয়ে দাঁড়ানো যাত্রী ভজহরি মিত্র জানান, ট্রেনে আসন না পেয়ে ইঞ্জিনের রেলিংয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বাড়ি যেতে হবে তাই একটু কষ্ট স্বীকার করছি।
ভাঙ্গা থেকে উঠেছেন রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের যাত্রী তাজিম হোসেন। তিনি কুষ্টিয়া নেমে আর একটি ট্রেনে উঠবেন। তিনিও ইঞ্জিন কভারের বগিতে বসে যাচ্ছেন। তিনি বলেন, ‘ট্রেনের যাত্রা আরামদায়ক। তবে আজকে আসন পাইনি।
নিরাপদে বাড়ি পৌঁছানোর আশায় ট্রেনে উঠেছি।’ অপরযাত্রী বরুন বলেন, ‘ট্রেনের সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে। তবুও বাড়ি যাওয়ার আনন্দে এইটুকু কষ্ট সহ্য করতে হবে। নিরাপদে যাওয়াই মূল লক্ষ্য।’
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার রনি ব্যাপারী বলেন, ‘ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের প্রচণ্ড চাপ। নকশি কাঁথা কমিউটার ট্রেনের কোনো বগির কোনো আসন খালি নেই। তারপরও ভাঙ্গা থেকে প্রচুর যাত্রী উঠেছেন। ঈদ উপলক্ষে আজকে ভিড় একটু বেশি।’ তিনি সকলের নিরাপদ গন্তব্যে পৌঁছানো প্রত্যাশা করেন।