প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ১০৯)

X
সাকিবের জন্মদিনে আসিফ আকবর
জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিনে তার সঙ্গে লন্ডনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এ সময় তিনি কেক কেটে টাইগার অলরাউন্ডারের জন্মদিন উদযাপন করেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দেশের একটি বেসরকারি টেলিভিশন সাকিবের জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, কেক কেটে সাকিবের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর। এসময় দুজন দুজনকে কেক খাইয়ে দেন। সে সময় আসিফ আবার সাকিবকে ‘নবাব’ বলেও সম্বোধন করেন।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা। তিনি দেশের হয়ে ৬৫টি টেস্টে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান করেছেন এবং নিয়েছেন ২৩১টি উইকেট। ওয়ানডেতে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ৩০১ উইকেট। এছাড়া, টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে করেছেন ২৫৫১ রান এবং নিয়েছেন ১৪৯ উইকেট।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। তবে তার জাতীয় দলে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
সম্প্রতি আসিফ আকবর জানিয়েছেন, সাকিবকে ঘিরে থাকা বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি এখন মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিমও কাজ করছে, যাতে তার আইনগত জটিলতা দ্রুত সমাধান করা যায়।
এসময় খুব শিগগিরই সাকিবকে আবার বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন আসিফ আকবর।