মুস্তাফিজদের পিএসএল খেলার এনওসি দিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি২০ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিকভাবে অনুমতি পেয়েছেন দেশের ছয় তারকা

2026-03-24T20:26:36+00:00
2026-03-24T20:26:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুস্তাফিজদের পিএসএল খেলার এনওসি দিল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৭৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি২০ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিকভাবে অনুমতি পেয়েছেন দেশের ছয় তারকা ক্রিকেটার।

বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের এই সফর নিয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ ছিল। খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর বিসিবি নিশ্চিত করেছে যে, পিএসএল-এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করা বাংলাদেশি খেলোয়াড়দের জন্য বর্তমানে পাকিস্তানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের পক্ষ থেকে প্রাপ্ত আশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বোর্ড। নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় নিশ্চয়তা পাওয়ার পরেই ক্রিকেটাররা ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে পৌঁছে গেছেন।
 
বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের কল্যাণ ও নিরাপত্তাই তাদের কাছে প্রধান অগ্রাধিকার। এই সফর চলাকালীন যেকোনো পরিস্থিতির ওপর নজর রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বোর্ড সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে।

এবারের পিএসএলে তিনটি ভিন্ন দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তারা হলেন নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। 

সবচেয়ে বেশি তিন বাংলাদেশি খেলবেন পেশোয়ার জালমিতে (নাহিদ রানা, তানজিদ তামিম ও শরিফুল ইসলাম)। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমন সুযোগ পেয়েছেন লাহোর কালান্দার্সে।

আর তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। সোমবার সকালে মুস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে বিমানের ভেতর থেকে একটি ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন। এদিন নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং পারভেজ ইমনও পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ভিসা জটিলতা কাটিয়ে তানজিদ তামিম দ্রুতই রওনা হবেন এবং রিশাদ হোসেনও কিছুদিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন।

পিএসএল চলাকালীনই আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড জাতীয় দল বাংলাদেশ সফরে আসবে। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে টাইগাররা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে অবস্থান মজবুত করার ক্ষেত্রে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিসিবি কোনো ক্রিকেটারকেই পুরো টুর্নামেন্টের জন্য এনওসি প্রদান করেনি। 

জাতীয় দলের পরিকল্পনা অনুযায়ী, মুস্তাফিজুর রহমানকে দুই দফায় অনাপত্তিপত্র দেওয়া হয়েছে (১৬ মার্চ থেকে ১২ এপ্রিল এবং ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত)। এর ফলে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত থাকবেন। 

অন্যদিকে তানজিদ তামিম, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি২০ উভয় ফরম্যাটের পরিকল্পনাতেই থাকায় তাদের এনওসির মেয়াদ দেওয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। আর পারভেজ হোসেন ইমনকে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করার সম্ভাবনা থাকায় তাকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়েছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy