
X
নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা।
সোমবার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং হোগলা ইউনিয়ন শাখার উদ্যোগে হোগলা মধ্য বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হোগলা ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল হক আকন্দ (বাচ্চু)। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আকিকুল ইসলাম (আতিক)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ জয়নাল আবেদীন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান, হোগলা বাজার কমিটির সভাপতি সোহরাওয়ার্দী মীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: বাবুল মিয়া, ব্যবসায়ী কান্তিভুষণ সাহা রায়, সুমন মিয়া, শাহজাহান মিয়া, কাজল কুন্ডু, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম প্রমুখ। এ সময় হোগলা বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা হোগলা বাজারের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ দফা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলোর মধ্যে ছিল বাজারে নিরাপত্তা জোরদার, স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, পর্যাপ্ত লাইট ও সিসি ক্যামেরা স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পাবলিক টয়লেট চালু, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ইত্যাদি। এছাড়া বিদ্যালয়ের নিকটবর্তী সিএনজি স্ট্যান্ড অন্যত্র স্থানান্তর, গরু-ছাগলের হাট সম্প্রসারণ, মাংস ও চাল মহালের অবকাঠামো উন্নয়ন, মাছ ও তরকারি মহালের ছাউনি সংস্কার, নারী উদ্যোক্তাদের জন্য পৃথক মার্কেট বরাদ্দ, পুকুর ভরাট ও ব্যবস্থাপনা, ইজারা ব্যবস্থায় স্বচ্ছতা, খাজনা তালিকা প্রকাশ এবং স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের দাবীও জানান ব্যবসায়ীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, ব্যবসায়ীদের দাবীগুলো প্রত্যেকটাই যৌক্তিক। দাবীগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে বাজার কমিটির লোকজন ও ব্যবসায়ীদের নিয়ে পর্যায়ক্রমে বাস্তবায়নের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।