প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৪২ পিএম (ভিজিট : ৩১)

X
ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেস-ইন্টারনেট
আন্তর্জাতিক ফুটবলে অভিষেক সাড়ে তিন বছর আগে হলেও, জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে পেরেছেন মোটে তিনটি। সবশেষটি আড়াই বছরের বেশি আগে। তারওপর আবার পাড়ি জমান সৌদি ফুটবলে। সবকিছু মিলিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেসের মনে ভর করেছিল শঙ্কা, হয়তো আর কখনও খেলা হবে না দেশের হয়ে। তবে কোচ কার্লো আনচেলত্তির ডাক পেয়ে পুরনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই সেন্টার-ব্যাক।
আসছে বিশ্বকাপের প্রস্তুতিপর্বে আগামী সাত দিনে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বস্টনে আগামী বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে খেলবে তারা। এর চার দিন পর আগামী মঙ্গলবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ম্যাচটি হবে অরল্যান্ডোয়।
দীর্ঘ বিরতির পর এই দুই ম্যাচ দিয়ে আবার সেলেসাওদের হয়ে মাঠে নামার অপেক্ষায় ইবানেস। ইতোমধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। আর সেখানেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সিবিএফ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আবার জাতীয় দলে ফিরতে পারার আনন্দের কথা জানিয়েছেন ইবানেস।
মাঝে সময়ের দুর্ভাবনার কথাও বলেছেন তিনি,‘ আমরা সবসময় ব্রাজিল জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি এবং সেজন্য এখানে থাকার লক্ষ্যে আমরা পরিশ্রম করি। আর সৌদি আরবে গিয়ে এটাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছিল। এমন মনে হয়েছিল যে, হয়তো আমি নিজেকে (ব্রাজিল জাতীয় দল থেকে) একটু দূরেই সরিয়ে নিলাম। তবে আমি বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করলে এবং মাঠে সর্বোচ্চ প্রত্যয় দেখাতে পারলে ফেরা সম্ভব এবং জাতীয় দলে ফিরতে পারায় ইশ্বরকে ধন্যবাদ। এতে আমি খুব খুশি।’
২০২২ সালের সেপ্টেম্বরে ব্রাজিল জাতীয় দলে অভিষেক ইবানেসের, তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। তবে ওই বছরের বিশ্বকাপ দলে ছিলেন না তিনি। দ্বিতীয়বার খেলার সুযোগ পান ২০২৩ সালের মার্চে, মরক্কোর বিপক্ষে ২-১ হারের ম্যাচে শুরুর একাদশে নেমে পুরোনা সময় খেলেন তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলার সবশেষ জাতীয় দলে ডাক পান ২০২৩ সালের সেপ্টেম্বরে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দলে, সেবার খেলার সুযোগ পান কেবল বলিভিয়ার বিপক্ষে ছয় মিনিট।