বড় মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাত্র মাস তিনেক। ফুটবলের মহাযজ্ঞে নামার আগে নিজেদের শক্তি ও দুর্বলতা পরখ করে

2026-03-25T21:04:09+00:00
2026-03-25T21:06:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড় মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৯:০৬ পিএম  (ভিজিট : ৭৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাত্র মাস তিনেক। ফুটবলের মহাযজ্ঞে নামার আগে নিজেদের শক্তি ও দুর্বলতা পরখ করে নিতে প্রস্তুত দুই ফেভারিট—ব্রাজিল ও ফ্রান্স।

বৃহস্পতিবার (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের নিকটবর্তী জিলেট স্টেডিয়ামে এক হাইভোল্টেজ প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই ফুটবল পরাশক্তি।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের যথাক্রমে পঞ্চম ও তৃতীয় স্থানে থাকা এই দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ঠিক ১১ বছর পর এই দুই দল একে অপরের মোকাবিলা করতে যাচ্ছে। সবশেষ ২০১৫ সালের এক প্রীতি ম্যাচে অস্কার ও নেইমারের নৈপুণ্যে ব্রাজিল ৩-১ ব্যবধানে জিতেছিল।
তবে বড় মঞ্চের লড়াইয়ে ২০০৬ বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে অমলিন, যেখানে জিনেদিন জিদানের জাদুকরী পারফরম্যান্সে ফ্রান্স ১-০ গোলে স্তব্ধ করে দিয়েছিল পাঁচবারের বিশ্বজয়ীদের।

ব্রাজিল শিবিরের বর্তমান চিত্রটা কিছুটা অম্লমধুর। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১৮ ম্যাচের মধ্যে ৬টিতে হেরে পঞ্চম স্থানে থেকে মিশন শেষ করায় সমর্থকদের মনে শঙ্কা জেগেছিল। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তির নিয়োগ সেই শঙ্কা কাটিয়ে নতুন আশার আলো দেখাচ্ছে। ২০০২ সালের পর আর ‘হেক্সা’ মিশন সফল করতে না পারা ব্রাজিল এবার আনচেলত্তির হাত ধরেই রেকর্ড ষষ্ঠ শিরোপার স্বপ্ন দেখছে।

ব্রাজিল দলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখনো সেই নেইমার। ৩৪ বছর বয়সী এই তারকা চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে। কোচ আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, ‘বল পায়ে নেইমার এখনো সেরা, কিন্তু তার শারীরিক ফিটনেস এখনো শতভাগ নয়।’ নেইমারের অনুপস্থিতিতে দলের মূল কাণ্ডারি এখন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। ইনজুরির কারণে দলে নেই অ্যালিসন বেকার ও গ্যাব্রিয়েল মাগালায়েসের মতো অভিজ্ঞরা। তবে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে নজর কেড়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী তরুণ রায়ান।

অন্যদিকে ফরাসি শিবিরে সব আলো কেড়ে নিচ্ছেন কিলিয়ান এমবাপে। হাঁটুর চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে ফেরা এই অধিনায়ক এখন পুরোপুরি ফিট। এমবাপে জানিয়েছেন, বিশ্বকাপ বা ক্লাব সিজনের শেষ দিকে মাঠের বাইরে থাকা নিয়ে তিনি মোটেও চিন্তিত ছিলেন না। তার লক্ষ্য এখন আন্তর্জাতিক বিরতিতে দলের জয়ে বড় ভূমিকা রাখা।

ফ্রান্সের জন্য এই সফরটি বাড়তি তাৎপর্য বহন করছে। কোচ দিদিয়ের দেশমের ১৪ বছরের দীর্ঘ অধ্যায় এই বিশ্বকাপের মাধ্যমেই শেষ হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, কিংবদন্তি জিনেদিন জিদানই হতে যাচ্ছেন তার উত্তরসূরি। ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ ডায়ালো সরাসরি নাম না বললেও ইঙ্গিত দিয়েছেন যে, দেশমের উত্তরসূরি কে হতে যাচ্ছেন তা তিনি জানেন।

আসন্ন বিশ্বকাপে দুই দলই যদি নিজ নিজ গ্রুপে সেরা হয়, তবে ফাইনালের আগে তাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বৃহস্পতিবারের এই ম্যাচটি হবে দুই দলের জন্যই শক্তির আসল মহড়া। বড় মঞ্চে নামার আগে নিজেদের অবস্থান বুঝে নিতে এই ম্যাচটি দুই কোচের জন্যই এক বিশাল পরীক্ষা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy