প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:৪৪ পিএম (ভিজিট : ২২)

X
সংগৃহীত ছবি
বুধবার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহণের একটি বাস নদীতে পড়ে যায়। সেই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শুধু তাই নয়, এই দুর্ঘটনায় নিহত প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়ে জনস্বার্থে নোটিশটি পাঠিয়েছেন অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
এতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, নৌপরিবহণমন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহণ কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা ও দায়িত্বে গাফিলতি ছিল কিনা— তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।’
প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং উদ্ধার কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।