প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:৫২ পিএম (ভিজিট : ৩১)

X
অজি তারকা উসমান খাজা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরুর ঠিক আগে ‘পিন্ডিজ’ দলে নতুন চমক দেখা গেল। ইংলিশ ব্যাটার লরি ইভান্স ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় তার জায়গায় অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খাজাকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএল আসরে পিন্ডিজের হয়ে খেলতে দেখা যাবে এই অজি বাঁহাতি ওপেনারকে।
দলের কর্তৃপক্ষ দ্রুত বিকল্প খুঁজছিল, সেই তালিকায় ওপরের দিকেই ছিল খাজার নাম। ফলে ফ্র্যাঞ্চাইজিটি খাজার সঙ্গে চুক্তি সম্পন্ন করে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই ব্যাটার স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ায় তাদের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হবে, এমনটাই আশা করা হচ্ছে।
চলতি বছরের বিগ ব্যাশ লিগে খাজা ব্রিসবেন হিটের নেতৃত্ব দিয়েছেন। ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতা এবং পারফরম্যান্স দারুণ বলাই চলে।
এবারের পিএসএল একাধিক কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যা এর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ আসর। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ভেন্যুর সংখ্যা কমানো হয়েছে এবং দর্শক ছাড়াই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উদ্বোধনী ম্যাচে আজ লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন একে অপরের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি, সরাসরি দেখাবে টি-স্পোর্টস।