প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম (ভিজিট : ৭৬)

X
ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সকে ফেভারিট মনে করেন না এমবাপে।
দুই দলের এখনকার যে বাস্তবতা, তাতে ব্রাজিলের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ফ্রান্স। তবে সাধারণ সেই ভাবনার সঙ্গে একমত নন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের সবচেয়ে বড় তারকার মতে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো দলই এগিয়ে থাকতে পারে না।
বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তি বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বস্টনে। ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্স এখন আছে তিন নম্বরে, ব্রাজিল পাঁচ নম্বরে। র্যাঙ্কিংয়ে ব্যবধান বেশি না থাকলেও শক্তি-সামর্থ্য আর ধারাবাহিকতায় ফ্রান্সকে এখন এগিয়ে রাখাই যায়। ব্রাজিল অনেক দিন ধরেই খুব ভালো ছন্দে নেই। কার্লো আনচেলত্তি কোচের দায়িত্ব নেওয়ার পরও ধারাবাহিকতার ঘাটতি কাটেনি। সবশেষ তিন ম্যাচেই যেমন জাপানের কাছে তারা হেরেছে, পরে সেনেগালের বিপক্ষে জিতলেও ড্র করেছে তিউনিসিয়ার সঙ্গে।
সব বাস্তবতা মিলিয়ে ফ্রান্সকেই এগিয়ে রাখছেন অনেকে। তবে লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এমবাপে মনে করিয়ে দিলেন ব্রাজিলের ঐতিহ্যের কথা। “যে দলের জার্সিতে পাঁচটি তারকা চিহ্ন রয়েছে (পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন), তাদের বিপক্ষে কখনোই ফেভারিট হতে পারেন না। এটা অসম্ভব। ব্রাজিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি। আমাদের জন্য এটি স্রেফ নিজেদের সামর্থ্য মেলে ধরার এবং ২০২৬ বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ।”
ব্রাজিলের এখন আনচেলত্তি, যার কোচিংয়ে রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে অসাধারণ পারফর্ম করেছেন এমবাপে। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশমের সঙ্গে আনচেলত্তির তুলনা করতে বলা হলো তাকে। তিনি সেই তুলনায় না জড়িয়ে প্রশংসা করলেন দুজনেরই। তিনি বলেন,‘ “সবচেয়ে ভালো ব্যাপার হলো যে তারা সম্পূর্ণ ভিন্ন, ফুটবল নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আমার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, কারণ আমি জেতার দুটো উপায় শিখতে পারব। দেশমকে কোচ হিসেবে পাওয়া এবং কার্লোর সঙ্গে কাজ করতে পারা, দুটিই গর্বের বিষয়। তাদের জন্য আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও প্রশংসা রয়েছে।’