প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:১৬ পিএম (ভিজিট : ৩৩)

X
বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল সোনা জিতেছে। সেই আনন্দটাই উদযাপন করা হলো সবাই মিলেবাংলাদেশ আর্চারি ফেডারেশন
ফুটবলে বৃহস্পতিবার ভিয়েতনামের কাছে ৩ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর শুক্রবার এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেই ভিয়েতনামকে হারিয়েই স্বর্ন পদক জিতেছে বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার সকালে এশিয়ান আর্চারিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের আর্চাররা।
গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। এবার অনেক প্রত্যাশা নিয়ে গেলেও অন্য কোনও ইভেন্টের একক বা মিশ্র ইভেন্টেই সেমিফাইনালে খেলতে পারেনি আর্চাররা। ব্যতিক্রম কম্পাউন্ড ইভেন্ট।
আর এই ইভেন্টে পুরুষ দলগত বিভাগে গত পরশু ফাইনালে উঠেছিল তারা। শুক্রবার ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আর্চার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো পারফর্ম করেছেন। বাংলাদেশি আর্চারদের স্কোর ২৩১ পয়েন্ট। অন্য দিকে ভিয়েতনামের আর্চাররা করেন ২২৫। ৬ পয়েন্ট বেশি থাকায় বাংলাদেশ ফাইনাল জিতে স্বর্ণপদক নিশ্চিত করেছে।
হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে। আজ ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারায় কম্পাউন্ড দল। তাতে এ প্রতিযোগিতায় সোনা জিতল বাংলাদেশ। বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯.৬২। ভালো করেছেন হিমু বাছাড়। তার গড় স্কোর ৯.৭৫।
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ আর্চার। দক্ষ আর্চার না থাকায় রিকার্ভ নারী দল গঠন করা যায়নি। অন্য তিন বিভাগের মধ্যে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল ভালো করেনি।
কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরেছে থাইল্যান্ডের কাছে। বন্যা আক্তার, ঝুমা আক্তার, কুলসুম আক্তারদের সঙ্গে থাই মেয়েদের স্কোরের তফাত মাত্র ১ পয়েন্টের। ২৩০ স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে ২২৯। রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে যায় কোয়ার্টার ফাইনালে।
গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের রিকার্ভের ব্যক্তিগত বিভাগে স্বর্ন পদক জিতেছিলেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। এবার শেষ ষোলো থেকেই বিদায় নেন আলিফ।