প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম (ভিজিট : ৪৯)

X
ওয়াকিন পানিচেলি।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পেয়েছেন ওয়াকিন পানিচেলি। ফলে আর্জেন্টিনার আসন্ন দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপেও তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শেষ অনুশীলন পর্বে বৃহস্পতিবার চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পানিচেলি। ২৩ বছর বয়সি এই ফুটবলারের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনা দল সামাজিক মাধ্যমে লিখেছে, “ওয়াকিন পানিচেলি আজ তার ডান হাঁটুতে চোট পেয়েছে এবং আগামীকাল বাড়তি পরীক্ষার মাধ্যমে তার অবস্থা মূল্যায়ন করা হবে।”
২০২৩ সালের জুলাই মাসেও পানিচেলি একই জায়গায় চোট পেয়েছিলেন, যার ফলে তাকে ছয় মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল।
গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় পানিচেলির। ১৬ গোল করে এই মৌসুমে লিগ আঁয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
স্ত্রাসবুরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচে তিনি গোল করেছেন সাতটি। দলকে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার-ফাইনালে তোলায় তার আছে উল্লেখযোগ্য অবদান।
বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোর সোয়া পাঁচটায় মৌরিতানিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী বুধবার একই সময়ে জাম্বিয়ার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
আর আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।