
X
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ৩০ মার্চ সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তারাই পাবেন।’
প্রতি চার মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে এই তালিকা পর্যালোচনা করা হবে। তিনি বলেছেন, ‘তারা যদি তাদের সেই পারফরম্যান্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে, যদি কেউ পারফরম্যান্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে।’
আগামী ৩০ মার্চ ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেছেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ডও দেওয়া হবে।’
তিনি বলেছেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে।’
মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা প্রদান করা হবে এবং এপ্রিল থেকে ১২৯ জন ও পর্যায়ক্রমে বাকি ক্রীড়াবিদদের যুক্ত করার কথা জানিয়ে তিনি আরও বলেছেন, ‘৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। নতুন কুঁড়ি স্পোর্টস থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি প্রদান করা হবে।’
প্রথম ধাপে আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসালের ক্রীড়াবিদরা এই সুবিধা পাবেন। তবে এই তালিকায় ক্রিকেটার ও ফুটবলাররা নেই।
ক্রিকেটারদের বাদ রাখার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেছেন, ‘ক্রিকেটাররা অত্যন্ত আর্থিকভাবে সচ্ছল। তাদের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভাবব। আমরা আপাতত যেসব ক্রীড়াবিদ অত্যন্ত কষ্টের মধ্যে আছেন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই।’
এপ্রিলের প্রথম সপ্তাহে আরও ক্রীড়াবিদদের তালিকা করা হবে বলেও জানিয়েছেন তিনি।