প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম (ভিজিট : ৪৭)

X
সংগৃহীত ছবি
গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘প্রিপেইড মিটারে মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সরকার দ্রুতই এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই এক ধরণের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 'মিটার ভাড়া' হিসেবে গুনতে হয়। গ্রাহকদের মূল অভিযোগ ছিল মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে এই চার্জ কেন নেওয়া হচ্ছে। এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।