প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ৭৩)

X
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
গত মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে ক্রীড়াঙ্গনে যে বিতর্ক চলছে, দীর্ঘ দেড় মাস পর দেশে ফিরে সেই বিষয়ে প্রথমবার মুখ খুললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রোববার বিসিবিতে সশরীরে কাজে যোগ দিয়েই তিনি কয়েকটি শীর্ষ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। যেখানে বিশ্বকাপে অংশ না নেওয়া প্রসঙ্গে বুলবুল বলেন, ‘এ নিয়ে এখন বিস্তারিত কিছু না বলি। তবে খুব চেষ্টা করেছি খেলার জন্য।
দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার, আমারও তো ইচ্ছে ছিল। ফাহিম (নাজমুল আবেদিন) ভাইসহ সংশ্লিষ্টরা স্কোয়াডও ঠিক করেছিলেন, আমাদের সব প্রস্তুতিই ছিল। তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে।’
বিশ্বকাপ না খেলা নিয়ে কোনো তদন্ত কমিটির সঙ্গে কথা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, ‘ওটার ব্যাপারে আমার ধারণা নেই, কিছু শুনিনি। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি।’
বর্তমানে বিসিবির সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) স্থবির হয়ে আছে, অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বিসিবির নির্বাচনের অনিয়ম তদন্তে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর ওপর যোগ হয়েছে দুই পরিচালকের পদত্যাগ।
বাইরে থেকে পরিস্থিতিকে ‘সংকটময়’ মনে হলেও আমিনুল ইসলাম বুলবুল তা মানতে নারাজ। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড তার নিজস্ব নিয়মেই চলছে। জাতীয় দল খেলছে, নারী দল শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিচ্ছে। সাড়ে পাঁচ মাস ধরে এই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করছে।
সব কার্যক্রম স্বাভাবিকভাবে চললে এ ধরনের প্রশ্ন (সংকট নিয়ে) আমরা আশা করি না।’