প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:১১ পিএম (ভিজিট : ৫২)

X
ব্রাজিলের ফুটবলার দানিলো
ব্রাজিলের জার্সিতে নিয়মিত হওয়ার স্বপ্ন সত্যি করতে মাঝমাঠে তিন পজিশনের জন্যই তৈরি হয়েছেন দানিলো সান্তোস। অভিজ্ঞ কাসেমিরোর পরামর্শে নিজেকে আরও শাণিত করছেন বতাফোগোর এই তরুণ। ২০২২ সালে প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন দানিলো। সেবার কোনো ম্যাচে খেলা হয়নি তার। মাঝে চোটের জন্য লম্বা সময় ছিলেন বাইরে।
আর সেই ধাক্কা সামাল ফিরে এসেছেন আরও দৃঢ়ভাবে। চলতি মাসের দুই ম্যাচের জন্য তাকে দলে ফিরিয়েছেন কার্লো আনচেলত্তি। ফ্রান্সের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে বদলি হিসেবে অভিষেকও হয়েছে দানিলোর।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি সুযোগের জন্য উন্মুখ থাকার কথা রোববার বললেন ২৪ বছর বয়সি মিডফিল্ডার.‘ “অনুশীলনে আমরা ঘুরেফিরে খেলি। তবে কেউ এখনও একাদশ জানে না। আমরা কাল বা মঙ্গলবার জানব, যখন তিনি (আনচেলত্তি) একাদশ ঘোষণা করবেন। যদি (আমাকে) প্রয়োজন হয়, আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত। আমি সামনের দিকে খেলতে পছন্দ করি। তবে আমি মাঝমাঠের তিন পজিশনে খেলতেই আত্মবিশ্বাসী।’
জাতীয় দলে সতীর্থদের কাছ থেকে যতটা সম্ভব শিখতে চান দানিলো। এক্ষেত্রে অভিজ্ঞ কাসেমিরোর কাছ থেকে অনেক সাহায্য পাওয়ার কথা বললেন তিনি,‘ “কাসেমিরো একজন রোল মডেল। আমি প্রথমবার ডাক পাওয়ার সময়ই তিনি আমার সঙ্গে অনেক কথা বলেছিলেন, অনেক টিপস দিয়েছিলেন। এখন আমি তার কাছ থেকে মাঠে মুভমেন্ট, পাস দেওয়া নিয়ে শিখতে পারব। তার সঙ্গে আবার কাজ করতে পেরে আমি খুশি।’