
X
ইসলামী ব্যাংকিং খাতের টেকসই প্রবৃদ্ধির জন্য শক্তিশালী শরিয়া সুশাসন অপরিহার্য বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, সুশাসন নিশ্চিত না হলে এই খাতে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা বজায় রাখা সম্ভব নয়।
সোমবার (৩০ মার্চ) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে “বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোতে শরিয়া শাসন: একটি মূল্যায়ন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার ইনসিফ ইউনিভার্সিটির সহযোগিতায় সেমিনারটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিআইবিএম-এর অধ্যাপক ও পরিচালক (গবেষণা, উন্নয়ন ও পরামর্শ) মো. শিহাব উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। তিনি দেশে ইসলামী ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে বলেন, এই খাতে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা নিশ্চিত করতে শক্তিশালী সুশাসন জরুরি।
সেমিনারটি উদ্বোধন করেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নহার। তিনি বলেন, ইসলামী ব্যাংকিংয়ের অখণ্ডতা বজায় রাখতে শক্তিশালী শরিয়া সুশাসনের বিকল্প নেই। কার্যকর সুশাসন শরিয়া নীতিমালা সমুন্নত রাখার পাশাপাশি নিয়ন্ত্রক বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করে, যা খাতটির স্থিতিশীলতা ও স্থায়িত্ব বৃদ্ধি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার ইনসিফ ইউনিভার্সিটির ইসরা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাঈদ বুহেরাওয়া। তিনি শরিয়া সুশাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিক সেরা চর্চাগুলো তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মো. মাহাব্বাত হোসেন। গবেষণা দলে আরও ছিলেন ইনসিফ ইউনিভার্সিটির ইসরা ইনস্টিটিউটের রিসার্চ ফেলো মো. মেজবাহ উদ্দিন আহমেদ, বিআইবিএম-এর অধ্যাপক ও পরিচালক (সার্টিফিকেশন) মো. আলমগীর এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হাবিবুর রহমান। তারা বিদ্যমান সুশাসন পদ্ধতির মূল্যায়ন, প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং মানোন্নয়নের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন জনতা ব্যাংক পিএলসি-এর পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দিন আহমেদ, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. নাবিল আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। তারা নিয়ন্ত্রক তদারকি, অভ্যন্তরীণ শরিয়া পরিপালন এবং সুশাসন উন্নয়নের কৌশল নিয়ে মতামত দেন।
সভাপতির বক্তব্যে বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, শরিয়া সুশাসন শুধু কারিগরি পরিপালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, পেশাগত দক্ষতা, আমানতকারী সুরক্ষা, স্বচ্ছতা এবং নৈতিক জবাবদিহিতাও অন্তর্ভুক্ত। তিনি বলেন, বাংলাদেশের মতো দেশে, যেখানে ইসলামী ব্যাংকিং উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে, সেখানে সুশাসন আরও জোরদার করা জরুরি।
সেমিনারে জ্যেষ্ঠ ব্যাংকার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন।