প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ২৭)

X
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএনওপিএস প্রতিনিধি দল।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইউএনওপিএস এর কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
বৈঠকে মন্ত্রী জানান, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী প্রধানকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে কার্ড প্রদান করা হয়েছে, যারা মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
মন্ত্রী আরও জানান, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যুর পরিকল্পনা রয়েছে, যা নারীদের জন্য একটি সম্মানজনক নাগরিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। পাশাপাশি দরিদ্র ছেলে-মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
এসময় UNOPS প্রতিনিধি দল বর্তমান সরকারের এ উদ্যোগকে সামাজিক সুরক্ষা কর্মসূচির ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে। তারা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।