প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৩২ পিএম (ভিজিট : ১৫৭)

X
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মোঃ তাইব (৫) ও মোঃ তাহমিদ (৫)। তারা একই গ্রামের মোঃ আকাশ শেখ-এর যমজ সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অপেক্ষার পর সন্তান লাভ করা এই পরিবারটি এই দুর্ঘটনায় গভীর শোকে স্তব্ধ হয়ে গেছে। প্রতিদিনের মতো শিশুদের বাবা আকাশ শেখ ফরিদপুর শহরে কাজে গেলে এ সময় দুর্ঘটনা ঘটে।
পরিবারের বরাতে জানা যায়, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই শিশুদের খোঁজাখুঁজি চলছিল, কিন্তু তাদের পাওয়া যায়নি। পরে স্থানীয়রা জানতে পারেন, তারা ট্রেনের নিচে কাটা পড়েছে।
এ বিষয়ে ফকির মোঃ তাইজুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।