পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছে। হামলাটি পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় হয়েছে। বিস্ফোরণে একই বাড়িতে অন্তত তিনজন নারী ও দুই শিশু নিহত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে উত্তর-পশ্চিম পাকিস্তানে বিস্ফোরকবোঝাই একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়।
আরব নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান শুক্রবার এএফপিকে বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করতে চেয়েছিল, কিন্তু তাড়াহুড়োয় সেখানে পৌঁছানোর আগেই তিনি একটি বেসামরিক বাড়িতে হামলা চালায়।’
বিস্ফোরণে বিধ্বস্ত ভবন
তিনি আরো জানান, এই ঘটনায় অন্তত তিনজন নারী ও দুই শিশু নিহত এবং আরো চারজন আহত হয়েছে। বান্নুর সহকারী কমিশনার ইকরামুলাহ খান এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের গোষ্ঠীটি নিয়মিতভাবে এই অঞ্চলের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। ২০২১ সালে কাবুলে তালেবানদের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে হামলা বাড়িয়েছে গোষ্ঠীটি।