প্রতিবেদনে বলা হয়, গত ৩ এপ্রিল ইরানে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে থাকা দুই পাইলটের একজনকে উদ্ধার করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। অপর পাইলট এখনো নিখোঁজ রয়েছেন।
তাসনিমের এক সামরিক সূত্রের বরাতে জানানো হয়, ভূপাতিত বিমানটির নিখোঁজ পাইলটকে উদ্ধারে ব্যর্থ হওয়ার পর মার্কিন বাহিনী সম্ভাব্য অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে। তাদের ধারণা, এসব স্থানে পাইলটটি অবস্থান করতে পারেন।
সূত্রটির দাবি, কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের আশপাশের কিছু এলাকায় সাম্প্রতিক সময়ে বোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার পেছনে নিখোঁজ পাইলটের অবস্থান নিয়ে সন্দেহ কাজ করেছে বলে উল্লেখ করা হয়।
এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিখোঁজ ওই ক্রুকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র অত্যন্ত তৎপর রয়েছে এবং তাকে ঘিরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। তবে সংশ্লিষ্ট পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে আছে কিনা, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
একই সূত্র আরও অভিযোগ করে যে, উদ্ধার হওয়া বলে দাবি করা প্রথম পাইলটের বিষয়েও যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করছে না। পুরো ঘটনাটি শেষ পর্যন্ত একটি বড় ধরনের বিতর্ক বা কেলেঙ্কারিতে রূপ নিতে পারে বলেও মন্তব্য করা হয়েছে।
উল্লেখ্য, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ ধরনের সামরিক ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।