প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৫১ এএম (ভিজিট : ৬৯)

X
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাকক্ষ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালকদের পদত্যাগের ধারাবাহিকতা থামছেই না। সর্বশেষ শনিবার (৪ এপ্রিল) রাতেই একসঙ্গে তিনজন পরিচালক পদত্যাগ করায় বোর্ডের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বর্তমান বোর্ড, যার নেতৃত্বে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, সেখান থেকে একের পর এক পরিচালকের সরে দাঁড়ানোর ঘটনায় প্রশাসনিক অস্থিরতা আরও প্রকট হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার রাতে পদত্যাগপত্র জমা দেন শাহনিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। এর কিছুক্ষণ আগেই পদত্যাগ করেন ফায়াজুর রহমান।
পদত্যাগের কারণ হিসেবে মেহরাব আলম চৌধুরী জানিয়েছেন, পেশাগত ব্যস্ততার কারণে বোর্ডের দায়িত্বে যথাযথ সময় দিতে পারছেন না। অন্যদিকে, ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা শাহনিয়ান তানিম তাঁর পদত্যাগপত্রে বোর্ডের অভ্যন্তরীণ মতবিরোধের কথা উল্লেখ করেছেন।
গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে এ পর্যন্ত নির্বাচিত বোর্ড থেকে মোট ছয়জন পরিচালক পদত্যাগ করেছেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক গত বৃহস্পতিবার পদত্যাগ করেন। বছরের শুরুতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন ইশতিয়াক সাদেক। এছাড়া গত মাসে মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পর পদত্যাগ করেন আমজাদ হোসেন।
একই দিনে তিন পরিচালকের পদত্যাগ বিসিবির বর্তমান প্রশাসনিক কাঠামোর ভেতরে চলমান সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, এই ধারাবাহিক পদত্যাগ বোর্ডের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।