প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ এএম (ভিজিট : ১১৫)

X
ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ
জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহের ভিসা অস্ট্রেলিয়া সরকার আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়।
এর আগে আরেক ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি-কেও অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানোর খবর পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া স্বরাষ্ট্র দপ্তর অভিবাসন আইন অনুযায়ী নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় কিছু ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ এ ধরনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
দ্যা ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, শায়খ আহমাদুল্লাহ পূর্বনির্ধারিত একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে ছিলেন। তবে নির্ধারিত কর্মসূচির আগেই তিনি দেশ ত্যাগ করেন বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ভিডিও ফুটেজের ভিত্তিতে তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। তবে এসব বিষয়ে সরকারি পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসনমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটিতে বিদ্বেষমূলক বক্তব্য বা উগ্রবাদী প্রচারণা ছড়ায় এমন কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকারের নীতিগতভাবে কঠোর অবস্থান রয়েছে এবং অভিবাসন আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, চলমান সফরে শায়খ আহমাদুল্লাহ একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া যান। তার সফরসূচিতে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থসহ একাধিক শহরে কর্মসূচি ছিল বলে জানা যায়। তবে ভিসা সংক্রান্ত সিদ্ধান্তের পর তার সফর অনিশ্চয়তায় পড়ে।