প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৩৪ পিএম (ভিজিট : ৬৮)

X
ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। এ কার্যক্রম ইলিশ সমৃদ্ধ দেশের ২০টি জেলায় একযোগে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এবং প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিপণনের ওপর কঠোর নজরদারি থাকবে। সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত সার্বিক মনিটরিং জোরদার করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এদিকে বৈশাখ মাসে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসবে।