বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটান-এর রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (পিআইসিটি) পরিদর্শন করেছেন।
রাষ্ট্রদূতকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়- রোববার পরিদর্শন কালে তিনি সরেজমিনে টার্মিনালের কার্যক্রম অবলোকন করেন।
এছাড়াও তাঁকে পানগাঁও টার্মিনালের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফ প্রদান করা হয়। পরিদর্শনকালে রাষ্ট্রদূত পানগাঁও আইসিটির বিভিন্ন সুবিধা দেখে অভিভূত হন এবং কার্যক্রম পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পানগাঁও আইসিটি ব্যবহার করে ভুটানের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন- সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ, টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ার, পানগাঁও আইসিটি টার্মিনাল ম্যানেজার মো. আশরাফ করিম চৌধুরী, পানগাঁও কাস্টমস হাউস কমিশনার বশির আহমেদ, মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড চিফ কমার্শিয়াল অফিসার আনিসুল হক এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বিভিন্ন মতামত প্রদান করেন। যা সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও উন্নত করতে সহায়ক হবে।