প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ২৬২)

X
মার্কিন যুদ্ধবিমান
ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের অভিযানের আড়ালে ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির’ চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ তুলেছে ইরান।
আজ সোমবার (৬ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ঘিরে ‘অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা’ রয়েছে। তাঁর দাবি, এটি একটি প্রতারণামূলক অভিযানও হতে পারে, যার উদ্দেশ্য ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের নামে এই অভিযান চালানো হয়। তবে যে এলাকায় পাইলটের উপস্থিতির দাবি করা হয়েছে, সেটি সম্ভাব্য অবতরণস্থল থেকে অনেক দূরে—যা সন্দেহকে আরও বাড়িয়েছে।
এর আগে গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। তিনি এ অভিযানে যুক্ত বাহিনীর প্রশংসা করেন।
তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে মার্কিন উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
তিনি আরও দাবি করেন, দক্ষিণ ইসফাহান এলাকায় কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে এবং পাইলটকে উদ্ধারের চেষ্টা নস্যাৎ করা হয়েছে।