প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ পিএম (ভিজিট : ৪৪)

X
: সোমবারের রাতটাও ভুলে যেতে চাইবেন রিশাদ হোসেন
বিগ ব্যাশে দারুণ ছন্দে থাকলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সময়টা ভালো যাচ্ছে না রিশাদ হোসেনের। খরুচে বোলিংয়ে দলের বিপদ বাড়াচ্ছেন। এখন পর্যন্ত নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজের হয়ে ৪ ম্যাচ খেলেছেন বাংলাদেশের লেগ স্পিনার। মোট ১৪ ওভার বোলিং করে দিয়েছেন ১৫৫ রান। উইকেট নিয়েছেন মাত্র দুটি!
সর্বশেষ সোমবার মুলতান সুলতানসের বিপক্ষেও নিজেকে মেলে ধরতে পারেননি। রাতটা তাই ভুলে যেতেই চাইবেন তিনি। ম্যাচটা রাওয়ালপিন্ডি হেরেছে ৭ উইকেটে। রিশাদ এদিনও সবচেয়ে বেশি রান দিয়েছেন। ৩ ওভারে ৪৬ রান দিলেও উইকেটশূন্য থেকেছেন। সপ্তম ওভারে বল হাতে নিয়ে খরচ করেছেন মাত্র ৪ রান। তার পর থেকে বেধড়ক পিটুনি খাওয়া শুরু করেন। দ্বিতীয় ওভারে টানা তিনটি ছক্কা হজম করেন তিনি। তিনটি ছক্কাই হাঁকান সাহেবজাদা ফারহান। এই ওভারে আসে ২৬ রান! তৃতীয় ওভারে হজম করেন আরও দুটি ছক্কা! শেষ ওই ওভারে রান আসে ১৬।
প্রথম ম্যাচে পেশাওয়ারের বিপক্ষে ৪ ওভারে একটি উইকেট পেলেও রান খরচ করেছেন ৩৫। করাচি কিংসের বিপক্ষে অবশ্য ৩৮ রান দিলেও উইকেটশূন্য থেকেছেন। তার পর ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৬ রান দিয়ে নেন একটি উইকেট।
রিশাদের মতো একইভাবে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে তার দল রাওয়ালপিন্ডিও। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। ৪টি ম্যাচেই হেরেছে। ৮ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৭ নম্বরে।