
X
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এক নাটকীয় পটপরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাল ধরলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার (৭ এপ্রিল) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি ‘অ্যাডহক কমিটি’ গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আর এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামিমকে। ২০২৫ সালের বিসিবি নির্বাচনে ওল্ড ডিওএইচএস-এর কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুলেও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন তামিম। আর সেই ঘটনার ছয় মাস পর অনেকটা ভিন্ন পরিচয়ে এবং শীর্ষ পদে থেকেই বোর্ডে ফিরলেন দেশসেরা এই ওপেনার।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করাই হবে এই অ্যাডহক কমিটির মূল কাজ। তবে এই কমিটিতে থাকা ব্যক্তিরা ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান এ বিষয়ে বলেন, ‘আইনে আসলে কী আছে, তা আমাদের খতিয়ে দেখতে হবে।
বিসিবির নিজস্ব গঠনতন্ত্রে অ্যাডহক কমিটির কোনো সুস্পষ্ট বিধান না থাকলেও এনএসসির ক্ষমতাবলে এই কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু বিসিবির মূল সংবিধানে অ্যাডহক কমিটির কোনো ‘অস্বস্তি’ বা বাধা নেই, তাই তামিম ইকবালের ভবিষ্যতে নির্বাচন করতে আইনি কোনো বাধা থাকার কথা নয়। তবে সে ক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাকে বর্তমান পদ থেকে ইস্তফা দিতে হবে।
মাঠের লড়াই ছেড়ে এবার প্রশাসনিক লড়াইয়ে তামিম কতটা সফল হন, সেটিই এখন দেখার বিষয়। আপাতত এই অ্যাডহক কমিটির কাঁধেই থাকছে দেশের ক্রিকেটের ভাগ্য পরিবর্তনের ভার।
এদিকে তদন্ত কমিটির অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত বোর্ড ভেঙে দিয়েছে। বোর্ড ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছেন সংস্থাটি। আর সেই কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। দায়িত্ব পেয়েই বোর্ড সভার আহবান করেছেন সাবেক অধিনায়ক। সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আগামী তিন মাস অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে। তিন মাসের মধ্যে তারা নির্বাচন দিয়ে বিদায় নেবেন। এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ি ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছে তামিম ইকবালকে। এছাড়া সদস্য হিসেবে আছেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহীম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।
অ্যাডহক কমিটি গঠন নিয়ে এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বলেন, ‘আমরা মনে করি অত্যন্ত স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভেতরে থেকেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে।’