
X
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের মার্কিন সিদ্ধান্তকে ইসরায়েল স্বাগত জানালেও এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইরান যাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হয়ে না দাঁড়ায় সে লক্ষ্য অর্জনে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন করছে ইসরায়েল।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবহিত করেছে যে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার অনুষ্ঠিতব্য বৈঠকে এ লক্ষ্য অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা “লেবাননসহ সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। তবে নেতানিয়াহুর সর্বশেষ বক্তব্য সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, লেবাননে চলমান সংঘাতে ইতোমধ্যে ৮ লাখ ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে।
তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২ মার্চ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। তাদের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে লক্ষ্য করে ইসরায়েলের হামলা এবং পূর্ববর্তী যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হচ্ছে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ১,৫০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে তথাকথিত ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
এ বিষয়ে এখনো হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।