
X
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় ক্লাবগুলোর সঙ্গে অনুষ্ঠিত সভায় উপস্থিত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল
তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরই প্রিমিয়ার লিগ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে, যা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে বিবেচিত হবে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় ক্লাবগুলোকে নিয়ে সভা করার সময় সিসিডিএমের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও। সভায় অংশ নেওয়া সবাই লিগ আয়োজনের বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি হয়ে আসা জিয়াউর রহমান তপু জানান, আগামী ২৫ এপ্রিল থেকে ৫ মে তারিখের মধ্যে শুরু হতে পারে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)।
সময়ের স্বল্পতার কারণে এবার সুপার লিগ পর্ব রাখা হচ্ছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতে ১১ ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। দলবদলের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২২ এপ্রিল।আগের বছরগুলোতে খেলা হতো তিনটি ভিন্ন মাঠে। ফলে এক রাউন্ডের খেলা শেষ করতে লেগে যেত দুই দিন। এবার তাই ছয়টি মাঠ ব্যবহার করে এক দিনেই একটি করে রাউন্ড শেষ করার পরিকল্পনা বিসিবির।
বসুন্ধরা স্পোর্টিং ক্লাব, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি), সিলিকন স্পোর্টস ভ্যালি, ক্রিকেটার্স একাডেমিতে হতে পারে এবারের লিগের খেলা।প্রিমিয়ার লিগের পরিচালন ব্যয় মেটানোর জন্য প্রতিটি ক্লাবকে ২৫ লাখ টাকা করে দেবে বিসিবি।
বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আয়ের বড় উৎস ঢাকা লিগ। তবে এবার এই লিগ যথা সময়ে হয়নি, আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল এতদিন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট।
এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা কেটে গেছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর এই বৈঠকে অংশ নিয়েছে ঢাকার সব ক্লাবগুলো, যেখানে লিগ খেলতে রাজি হয়েছে তারা। সংবাদ মাধ্যমকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা।
অন্যদিকে, বিসিএলের প্রথম দুই রাউন্ড হবে ২১ এপ্রিল থেকে। এরপর ৫ মে থেকে শুরু হতে পারে ঢাকা লিগ।