প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:২১ এএম (ভিজিট : ৬২)

X
আকবর হোসেন
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছরের মধ্যে ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আকবর হোসেন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেছেন। এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো কারণ জড়িত নয় বলেও স্পষ্ট করেন তিনি।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই নিয়োগ দুই বছরের জন্য চুক্তিভিত্তিক ছিল।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ ছিল, দায়িত্ব গ্রহণের আগে নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে। সেই শর্তেই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তার আকস্মিক পদত্যাগে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে তিনি ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো ইস্যু জড়িত নেই বলে পরিষ্কারভাবে জানিয়েছেন।